18/08/2026
🌿 পেঁপে গাছ, মানুষের রিজিক এবং একটি ছোট্ট জীবনের শিক্ষা 🍃
গাছ লাগানো এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করা—এটি আমার জীবনের একেবারে শুরু থেকেই একটি প্রিয় অভ্যাস। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্রজীবনে আমি ছিলাম হাউস গার্ডেনিং টিমের সদস্য। অবশ্য, সেটি ছিল ফুলের বাগান পরিচর্যার টিম।
আমার সামরিক জীবনের প্রথম দিন, ১৫ নভেম্বর ১৯৮২, দ্বিতীয় দিন খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সৈনিকদের সঙ্গে জঙ্গল কেটে ক্যাম্প তৈরির কাজ দিয়েই কর্মজীবন শুরু হয়েছিল। সেই সময় ক্যাম্প তৈরির পাশাপাশি সবজি ও বিভিন্ন গাছের বীজ, বিশেষ করে পেঁপের বীজও লাগিয়েছিলাম। শুধু লাগিয়েই থেমে থাকিনি—প্রতিদিন প্রয়োজনীয় পানি দেওয়ারও চেষ্টা করতাম।
চাকরি জীবনের প্রথম থেকেই আমার মনে একটি প্রশ্ন কাজ করত—আমরা যারা বেতনভোগী, তারা টাকা দিয়ে খাবার কিনে খাই। কিন্তু সেই খাবার তো অন্য মানুষের কঠোর পরিশ্রমে উৎপাদিত হয়। আমরা নিজেরা অন্য মানুষের খাওয়ার জন্য কী উৎপাদন করছি?
এই ভাবনা থেকেই আমি সবসময় চেষ্টা করেছি, যতটুকু সম্ভব, গাছ লাগাতে এবং মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে। আমার কাছে গাছ লাগানো শুধু একটি শখ নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি ছোট্ট চেষ্টা। পার্বত্য চট্টগ্রামে চাকুরীকালীন সময়ে আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমরা ছাগল ও মুরগির খামারও করেছি—যাতে নিজেদের জন্য কিছু খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারি।
পরবর্তীতে মোজাম্বিক ও লাইবেরিয়ায় দায়িত্ব পালনকালে প্রতিটি দেশের জন্য প্রায় ১,০০০ টাকার বীজ সঙ্গে নিয়ে গিয়েছিলাম এবং স্থানীয় মানুষের মধ্যে সেগুলো বিতরণ করেছিলাম।
আপনারা আমার পরিচিত ব্যক্তিগণ হয়তো মুন হাউস, মুন পার্ক এবং আমার বড় ভাইয়ের বাগানের কথা শুনেছেন - আমার বড় ভাইয়ের বৃক্ষের প্রতি আকর্ষণ এবং বিশেষ করে গাছ লাগানোর প্রতি আগ্রহ ও প্রতিভা ছিল অসাধারণ। তিনিও তাঁর কর্মস্থলে ছাদ বাগান করেছিলেন l আমার বর্তমান বাসস্থানেও আমি যতটুকু সম্ভব, ভবন নির্মাণের পাশাপাশি গাছপালা ও সবুজায়নের জন্য কিছু করার চেষ্টা করেছি। আজ সেই ছোট ছোট উদ্যোগের মত কিছু ফল আমাদের পারাতুলী গ্রামে দেখা দিতে শুরু করেছে। 🌱
ছবির পেঁপেগুলোও সেই ধারাবাহিকতারই একটি ছোট্ট উদাহরণ। প্রথম দুটি পেঁপে পারাতুলী মুন্সি বাড়ি মসজিদের মুসল্লিদের খাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। একটি গাছের ফল যখন অনেক মানুষের খাবার হয়, তখন তার আনন্দই আলাদা। মনে হয়—গাছটি যেন নীরবে মানুষের রিজিকের অংশ হয়ে উঠেছে। 🍈
এই গাছ লাগানোর আনন্দের উৎসও আমার শৈশবের পরিবারে। আমার আম্মার কাছ থেকেই সম্ভবত এই আগ্রহের শুরু। মেজো আপা চট্টগ্রামে দুলাভাইয়ের সরকারি বাসভবনে নিজের মতো করে তাজা শাকসবজি ও অন্যান্য কিছু উৎপাদন করতে ভালোবাসতেন - প্রতিবেশীদেরও বিতরণ করতেন। বড় আপাও যতটুকু সম্ভব করেছেন। ছোট আপা তাঁর বারান্দাতেও কিছু করার চেষ্টা করেছেন। ছোট দুই বোনও ভগ্নিপতিদের সরকারি বাসভবনে একই ধরনের উদ্যোগ নিয়েছে।
অন্য ভাইদেরও বাড়ির সামনের জায়গাতে কিংবা ছাদে এবং রাস্তার পাশে গাছ লাগাতে দেখেছি। হয়তো পরিবারের আরও অনেকে একইভাবে কিছু করেছেন—যা আমি লক্ষ্য করিনি অথবা এখন মনে করতে পারছি না।
এই সামান্য পারিবারিক ইতিহাসের কথা মনে রেখে আমাদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রতি আমার আন্তরিক অনুরোধ— তোমরা দেশে থাকো বা বিদেশে, বাড়ির আঙিনায়, ছাদে কিংবা বারান্দায়—যেখানেই সুযোগ পাও, কিছু না কিছু খাদ্য উৎপাদনের চেষ্টা করো।
কে সেই খাবার খাবে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো, তোমাদের হাত দিয়ে যেন কোনো না কোনো মানুষের রিজিকের ব্যবস্থা হয়। 🌿
একটি গাছ লাগানো হয়তো খুব ছোট একটি কাজ। কিন্তু সেই গাছের ফল একদিন কোনো ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে, কোনো পরিবারের কাজে আসতে পারে, কোনো মসজিদের মুসল্লির খাবার হতে পারে, কিংবা কোনো পাখির খাদ্য হতে পারে। আর আমাদের এই সামান্য কাজটিও যদি আল্লাহ কবুল করেন, তবে সেটিই হতে পারে বড় প্রাপ্তি।
আমি বিশ্বাস করি—তোমরা যদি অন্যের রিজিকের কথা ভাবো, আল্লাহ তোমাদের রিজিকের কথাও ভাববেন।
তাই আসো—
🌱 গাছ লাগাই।
🍈 ফল ও খাদ্য উৎপাদন করি।
🤝 মানুষের উপকারে আসে এমন কিছু রেখে যাই।
🌍 পৃথিবীকে একটু বেশি সবুজ এবং একটু বেশি সমৃদ্ধ করে যাই।
আপনারা যারা এই লেখাটি পড়ছেন, আপনাদের প্রতিও অনুরোধ—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্তত একটি ফলজ, বনজ বা ঔষধি গাছ লাগান। একটি গাছ শুধু ফলই দেয় না; ছায়া দেয়, অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে এবং অনেক সময় মানুষের রিজিকেরও ব্যবস্থা করে।
আমাদের প্রতিটি ভালো কাজ হোক মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যদি অন্যের রিজিকের জন্য কিছু করি, আল্লাহও আমাদের রিজিকে বরকত দান করবেন—ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দিন, আমাদের হাত দিয়ে মানুষের উপকার করার তাওফিক দিন এবং আমাদের সামান্য প্রচেষ্টাগুলো কবুল করুন।
আমিন। 🤲🌿
https://www.facebook.com/share/p/18T6htSzoU/
It's nice to think that all the trees in Link are ours - Plant trees, save the environment.
ভাবতে ভালো লাগে লিংকের সবগুলি গাছই আমাদের - গাছ লাগান, পরিবেশ বাঁচান.