13/10/2026
সাজেক সাময়িক বন্ধ, আমাদের প্রত্যাশা সহনশীলতা ও সমঝোতা।
বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ রয়েছে সাজেকের পর্যটন কার্যক্রম। এই পরিস্থিতিতে অনেকের মনে হতাশা, অনিশ্চয়তা ও উদ্বেগ কাজ করছে। বিশেষ করে পর্যটনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত মানুষগুলোর জীবনে এর প্রভাব পড়ছে।
আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না, কোনো পক্ষের হয়ে কথা বলতে চাই না। কারণ, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি রয়েছে, আর মতের ভিন্নতা থাকাটাও স্বাভাবিক।
আমাদের হাতে হয়তো এই পরিস্থিতির সমাধান নেই। আমরা শুধু সহনশীলতার কথা বলতে পারি, পারস্পরিক শ্রদ্ধার কথা বলতে পারি। আমরা অনুরোধ করতে পারি, এমন একটি পথ খুঁজে নেওয়ার, যেখানে কারও অধিকার ক্ষুণ্ন না হয়, কারও জীবন-জীবিকা অকারণে অনিশ্চয়তায় না পড়ে এবং সবার ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ থাকে।
আমরা বিশ্বাস করি, মতের অমিল থাকতেই পারে, কিন্তু সহনশীলতা হারিয়ে ফেলা কোনো সমাধান নয়।
সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যাঁরা আছেন, তাঁদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের ভাবনায় সাজেকের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, পর্যটনকর্মী, পরিবহনশ্রমিক এবং এই জনপদের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মানুষের কথাও যেন থাকে।
আমরা চাই না, কারও ক্ষতি হোক। আমরা চাই, সবাই ভালো থাকুক। এমন একটি সমাধান আসুক, যেখানে পারস্পরিক সম্মান বজায় রেখে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সাজেকের মানুষ, আর পর্যটকেরাও ফিরতে পারবেন তাঁদের প্রিয় পাহাড়ে।
সাজেক শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, অনেক মানুষের জীবন ও জীবিকার অংশ।
আসুন, আমরা একে অন্যের কথা শুনি, ভিন্নমতকে সম্মান করি এবং সহনশীলতার মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজি।
সবার ভালো হোক, সাজেকের ভালো হোক।
#সাজেক